ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন হত্যার মূল আসামি গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) হত্যার অন্যতম আসামি মো. একলাছ উদ্দিন (৪৭)কে গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত খোকন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামের বাসিন্দা। তিনি এবং গ্রেফতারকৃত আসামি একলাছ উদ্দিন একই বংশের আত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল।
প্রতিবাদী বিরোধের জেরে গত ৩ অক্টোবর রাতে একলাছ উদ্দিনসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা খোকন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আহত খোকন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরদিন ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে মো. বিল্লাল হোসেন হত্যার মামলা দায়ের করেন। মামলাটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে র্যাব তদন্ত শুরু করে। ৬ অক্টোবর প্রধান আসামি মো. বদর উদ্দিন আল সানি বাদল (৪০)কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত একলাছ উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।