
কালিয়ায় যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদকের ঘাঁটি ভাঙল সেনা-পুলিশ: গ্রেপ্তার ৩
মোঃ রাকিব হোসেন কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়ার যাদবপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে কালিয়া আর্মি ক্যাম্প ও কালিয়া থানার পুলিশের এক যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।
বিশ্বস্ত সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন রাত ১টা ৩৯ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কালিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় পুলিশের টহল টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—যাদবপুর গ্রামের আসাদ শেখের ছেলে আলী (২৫), জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৬) এবং জাহিদ মোল্লার ছেলে হায়দার ভুইয়া। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল।
অভিযানকালে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩টি ইয়াবা ট্যাবলেট, একটি ইলেকট্রনিক ডিভাইস, ভয়েস চেঞ্জার, ৩৬টি গ্যাস লাইটার, ১০টি ইয়াবা সেবনের স্টিক, একটি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড, একটি সিএফ মটো মোটরসাইকেল ও ৪টি দেশীয় ধারালো অস্ত্র। এছাড়াও, গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে পৃথক মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এমন অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।