
মাদকচক্রের সন্ত্রাসে রক্তাক্ত বরিশাল:
তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
বরিশাল প্রতিনিধি
বরিশাল আবারও কেঁপে উঠল মাদকচক্রের ভয়ঙ্কর দাপটে। একদিকে রেজা হত্যা মামলার আসামিরা দাপটের সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে একই চক্র এবার প্রাণঘাতী হামলা চালিয়েছে বরিশালের ১৫ নং ওয়ার্ডের যুবনেতা মোহাম্মদ সোহেলের ওপর।
সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, রেজা হত্যা মামলার আসামি রাকিব, বেল্লাল, খলিল ও জাহিদসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে সোহেলকে হত্যার ষড়যন্ত্র করে। বরতলা হরিজন কলোনীর কিছু মানুষকে উসকে দিয়ে তারা মিথ্যা অভিযোগ সাজায়, এরপরই সোহেলকে রাস্তার পাশে ডেকে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়।
ছবিতে দেখা যাচ্ছে—পুরো শরীরে গুরুতর ক্ষত নিয়ে সোহেল হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার হাত-পা ক্ষত-বিক্ষত, শরীর জুড়ে গভীর জখমের চিহ্ন। চিকিৎসকরা প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, হামলার পরেও হামলাকারীরা থামেনি। তারা সোহেলের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট চালায় এবং তার বাড়ির সামনে থাকা মোটরসাইকেলও ধ্বংস করে। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এই মাদকচক্রের দাপটে।
স্থানীয়রা বলছেন—এখনই যদি এই ভয়ংকর মাদকচক্রকে আইনের আওতায় আনা না হয়, তাহলে সাধারণ মানুষের জীবন নিরাপদ থাকবে না। “আজ সোহেল, কাল যে কেউ হতে পারে”—এই শঙ্কা এখন গোটা বরিশালের মানুষের মুখে মুখে।
বরিশালের মানুষ প্রশ্ন তুলছে—কতদিন মাদকচক্রের আসামিরা আইন ও বিচারকে উপহাস করবে? আর কতজনকে কুপিয়ে রক্তাক্ত করা হবে?
দেশবাসী যুবনেতা সোহেলের সুস্থতার জন্য দোয়া করছে এবং একই সঙ্গে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।