
কালিয়ায় বিএনপি নেতা সাইদুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া!
মোঃ রাকিব হোসেন রায়হান , কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের প্রবীণ রাজনৈতিক নেতা ও ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ সাইদুর রহমান (৬০) আর নেই।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২৯ জুন ২০২৫) ভোর ৭টা ৩০ মিনিটে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সাইদুর রহমান ছিলেন কালিয়া বিএনপির সাবেক উপজেলা বিএনপির সভাপতি, প্রভাবশালী নেতা মরহুম নওয়াবুল আলম নবাব ও বর্তমান পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম রবির ছোট ভাই এবং মরহুম গোলাম হোসেন শেখের এর কনিষ্ঠ পুত্র। কর্মজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনেও শোকের সুর বয়ে যাচ্ছে।
আজ রবিবার বিকেল ৫টায় বেন্দারচর গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় নড়াইল বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজারো মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।